নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় করা এক মামলার অধিকতর তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর করা আবেদনের ওপর রোববার শুনানি শেষ হয়েছে। আগামী ৯ ডিসেম্বর এই বিষয়ে আদেশ দেওয়ার জন্য দিন ঠিক করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও আমির হোসেনের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এই দিন ঠিক করেন।
এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ রেখে পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা নারাজি আবেদন নিম্ন আদালতে খারিজ হয়ে যায়। এরপর ২৩ নভেম্বর হাইকোর্টে আবেদন করেন বিউটি। রোববার সেই আবেদনের ওপর তৃতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি করান অ্যাডভোকেট আব্দুল বাসেদ মজুমদার ও অ্যাডভোকেট মন্টু ঘোষ।
এদিকে, এর আগের রোববারের শুনানিতে আদালত বলেন- এই ৭ খুনের মামলার অভিযোগপত্রে ‘মারাত্মক ত্রুটি রয়েছে’। তবে অধিকতর তদন্তের ফাঁকে বিচার যাতে বিলম্বিত না হয় সে বিষয়ে গুরুত্ব দেন হাইকোর্ট।
এছাড়া এদিন অভিযোগপত্র হয়ে যাওয়ার পর অধিকতর তদন্তের সুযোগ আছে কি না, তার আইনগত দিকও আদালত দুপক্ষকে দেখে আসতে বলে।


