জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস মাতাতে এবার আসছেন মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পঞ্চম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে ‘বিগ বসে’ আসছেন মরক্কোর এ সুন্দরী। নোরার অংশগ্রহণে বিগ বসের গ্ল্যামার আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখা নোরা ‘বিগ বসে’ আসতে পেরে ভীষণ খুশি। এছাড়া ঝিমিয়ে পড়া বিগ বসের এবার সিজনকে নিজের গ্ল্যামার দিয়ে চাঙ্গা করে তুলতে পারবেন বলেও আশাবাদী তিনি।
বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘জনপ্রিয় এই রিয়েলিটি শো-এর বিনোদন আরও বাড়িয়ে তুলতেই আমি প্রবেশ করতে যাচ্ছি। তবে আমি কাজ করার ক্ষেত্রে আমার দক্ষতা দিয়েই দর্শকদের আনন্দ দেব, অযথা ঝগড়া করে নয়।’
উৎসাহিত নোরা আরও বলেন, ‘জিততে পারলে খুশি হব। তবে আমার লক্ষ্য মূলত পর্দার ওপারের দর্শকদের বিনোদন দেওয়া।’
আর যদি তিনি অহেতুক বির্তকের বলি হন? নোরার সোজা-সাপটা উত্তর, ‘এর থেকেও অনেক বেশি ক্রেজি লাইফ কাটাতে অভ্যস্ত আমি।’
নোরা তার গ্ল্যামারের ছড়ি ঘুরিয়ে ‘বিগ বসে’র দর্শকদের কতটা জাদু করতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা।


