বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সারাদেশে ভোটের হাওয়া

ps voteপৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে জমে উঠেছে নির্বাচনী আলাপ-আলোচনা। এরই মধ্যে বৈধতা নিশ্চিত হওয়ায় জয়-পরাজয়ের হিসেব কষতে শুরু করেছেন প্রার্থীরা। আর পছন্দের প্রার্থী বাছাই নিয়ে ভোটারদেরও রয়েছে চুলচেরা-বিচার বিশ্লেষণ। প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

চট্টগ্রাম: প্রার্থিতা নিশ্চিত হবার পর থেকে চট্টগ্রামের ১০টি পৌরসভায় জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। এখানে ৪৬ জন মেয়র প্রার্থী এবং ৫৫৭ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর পর থেকেই চলছে ঘরোয়া বৈঠক। এছাড়া শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা সাক্ষাত করে কুশল বিনিময় করছেন অনেকে।

বগুড়া: সোমবার সকাল থেকেই ভোটারদের সঙ্গে দেখা করতে শুরু করেন বগুড়ার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন প্রার্থীরা।

কুষ্টিয়া: নিজেদের অবস্থান ধরে রাখতে পৌরসভাগুলোতে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। আর যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানিয়েছেন ভোটাররা।

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় ৮ জন মেয়র প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনীত ৫ মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থীরা জয়ের ছক কষতে শুরু করেছেন।

গাইবান্ধা: গাইবান্ধা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন ভোট দেয়ার ক্ষেত্রে এলাকার উন্নয়নকেই তারা প্রাধান্য দেবেন।

আগামী ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এবং ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।

আরও পড়ুন