বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শিশু নীরবের লাশ মিলল বুড়িগঙ্গায়

1449587372রাজধানীর কদমতলীতে একটি স্যুয়ারেজ লাইনে পড়ে যাওয়া শিশু ইসমাইল হোসেন নীরবের লাশ বুড়িগঙ্গার তীরে আরেক নালায় পাওয়া গেছে। মঙ্গলবার বিকাল চারটার দিকে খেলতে গিয়ে শিল্প কারখানার বর্জ্যের একটি স্যুয়ারেজ লাইনে পড়ে যায় ৬ বছর বয়সী নীরবকে প্রায় সাড়ে চার ঘণ্টা পর রাত ৮টা ২৫ মিনিটের দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের পাশে বুড়িগঙ্গার তীরে অচেতন অবস্থায় পাওয়া যায়।

ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক মোজাম্মেল হক জানান, “বুড়িগঙ্গার কাছে একটি নালায় বসানো জালে লাশটি আটকে ছিল। ফায়ার সার্ভিসের ডুবুরি আলাউদ্দিন শিশুটির সন্ধান পান।”

মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাত ৯টার দিকে শিশু নীরবকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেছেন, ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে শ্যামপুর বাজার সংলগ্ন সেনাকল্যাণ ঘাটের কাছে শিশুটির লাশ পাওয়া যায়।

পুলিশ ও নীরবের স্বজনরা জানান, কদমতলীর শ্যামপুরের পালপাড়ায় বন্ধুদের সঙ্গে খেলার সময় বিকাল ৪টার দিকে নীরব ড্রেনে পড়ে যায়। নীরবকে উদ্ধারে বিকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের নালায় তল্লাশি চালান ফায়ার সার্ভিসের ডুবুরিরা। বাড়ি-ঘরের পাশ দিয়ে যাওয়া নালাটিতে কারখানার বর্জ্যের স্রোত রয়েছে।

নীরবের মা নাজমা বেগম সাংবাদিকদের বলেন, বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে তার ছেলে পড়ে যান। রাতুল নামের একটি ছেলে ধাক্কা দিলে নীরব নালায় পড়ে যায় বলে এক শিশু জানিয়েছেন বলে অভিযোগ করেন নাজমা।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরের রেল কলোনিতে ওয়াসার একটি পরিত্যক্ত নলকূপে জিহাদ নামে একটি শিশু পড়ে। পরে ২৩ ঘণ্টা উদ্ধার তত্পরতা চালিয়ে তার অবস্থান নিশ্চিত না হতে পেরে অভিযান শেষ করে ফায়ার সার্ভিস। তার কয়েক মিনিটের মধ্যেই স্থানীয়দের চেষ্টায় পাইপের ভেতর থেকে জিহাদকে তুলে আনা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন