আনুষ্ঠানিকভাবে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডকে পার্কিংমুক্ত ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার বিকেলে তেজগাঁও শিল্প এলাকা, মহাখালী বাস টার্মিনাল ও তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সড়ক ‘পার্কিংমুক্ত ঘোষণা’ অনুষ্ঠানে মেয়র এই ঘোষণা দেন।
আনিসুল হক বলেন, ‘সবাইকে নিয়ে কাজ করতে হবে। সবাইকে নিয়ে কাজ করে এ স্ট্যান্ডটি পার্কিংমুক্ত করা হয়েছে। আমার প্রচেষ্টা থাকবে সবাইকে নিয়ে ঢাকাকে যানজটমুক্ত রাখার চেষ্টা করা। বুধবার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকাটিকে যানজটমুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। আজ তেজগাঁওয়ে এ অঞ্চলটিকে পার্কিংমুক্ত ঘোষণা করা হলো।’
মেয়র বলেন, ‘রাজনৈতিক সদিচ্ছা দিয়ে সবকিছু করা যায়। প্রধানমন্ত্রী আমাকে রাজনৈতিক সদিচ্ছার শক্তি দিয়েছেন। যানজটমুক্ত, সবুজ ও নিরাপদ ঢাকা গড়ে তুলতে আমরা কাজ শুরু করেছি। আমরা আধুনিক ট্রাক স্ট্যান্ড তৈরির জন্য জমি খুঁজছি।’
তেজগাঁওয়ের রাস্তাটিকে পার্কিংমুক্ত করে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মেয়র বলেন, ‘এই রাস্তাটি হবে উৎসবের রাস্তা। রাস্তার চারপাশের দেয়ালগুলো সাজানো হবে, ছবি থাকবে। এখানে বৈশাখী মেলা হবে।’
ট্রাক স্ট্যান্ডের জায়গা প্রসঙ্গে বলেন, ‘আপাতত রেলের যে জায়গায় ট্রাক স্ট্যান্ড সরানো হয়েছে সেটি ইজারা দেওয়া হবে না। তবে যত দিন অত্যাধুনিক ট্রাক স্ট্যান্ড তৈরি না হচ্ছে তত দিন ট্রাক ও কাভার্ড ভ্যানের স্ট্যান্ড হিসেবে এটি ব্যবহার করা যাবে। ট্রাক স্ট্যান্ডের স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।’


