দিনাজপুরে ইসকন মন্দিরে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দিনাজপুরের কাহারোলের ১নং ডাবর ইউনিয়নের জনন্দ নিলাহার কৃষ্ণ ভাবনা মৃত সংঘ (ইসকন) মন্দিরে অজ্ঞাত দৃষ্কৃতীর বোমা হামলা ও গুলিতে দুই জন জখম হয়েছেন। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করে এলাকাবাসী।
তিন জন দুষ্কৃতী গুলি ছোঁড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
স্থানীয় ডাবর ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ ঘোষ জানান, সন্ধ্যা থেকে ইসকন মন্দিরে ধর্মসভা চলছিল। রাত সাড়ে আটটার দিকে হঠাৎ অজ্ঞাতপরিচয় তিন দুষ্কৃতী এসে প্রথমে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। পরে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। গুলিতে সেখানে থাকা দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ দুইজন হলেন রঞ্জিত চন্দ্র রায় (৪৫) ও মিঠুন চন্দ্র রায় (২৫)। রঞ্জিত চন্দ্র রায় জেলার বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া গ্রামের ভূপতি চন্দ্র রায়ের ছেলে এবং মিঠুন চন্দ্র রায় কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের দ্বিজেন চন্দ্র রায়ের পুত্র।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধ দুই জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত পার্শ্ববর্তী ঢাকাইয়া পাড়া গ্রামের দুই যুবককে আটক করেছে এলাকাবাসী।
স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে, ৪ ডিসেম্বর রাতে কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরের রাসমেলার যাত্রাপালায় বোমা হামলায় কয়েকজন আহত হন।


