বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘বর্তমানে রাষ্ট্রীয় গণতন্ত্র নির্বাসনে।’ রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘দেশকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদাতবরণকারী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন খালেদা জিয়া। এ সময় তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
বিএনপিপ্রধান বলেন, ‘১৪ ডিসেম্বর একটি বেদনাময় দিন, বাংলাদেশকে মেধা-মননে পঙ্গু করার হীন উদ্দেশ্যে চূড়ান্ত বিজয়ের ঊষালগ্নে হানাদার বাহিনীর দোসররা দেশের প্রথিতযশা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, বিজ্ঞানীসহ বিশিষ্ট বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করোছিল।’
তিনি বলেন, ‘তারা মনে করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলেই সদ্য স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ মেধার উৎকর্ষহীনতায় নেতৃত্বহীন হয়ে মুখথুবড়ে পড়বে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়বে এবং উন্নয়ন ও অগ্রগতি রুদ্ধ হয়ে যাবে। কিন্তু তাদের সে লক্ষ্য ব্যর্থ হয়েছে।’
অপর এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে বিজয়ের চূড়ান্তক্ষণে শাহাদাতবরণকারী বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের রুহের মাগফিরাত কমনা করেন।


