ঢাকার কাকরাইলে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন দৈনিক কালের কণ্ঠের সাবেক উপ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক। রোববার সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের (৫৩) মৃত্যু হয়।
আগের রাতে কাকরাইল মোড়ের কাছে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক এই সাংবাদিককে ধাক্কা দেয়। এক অটোরিকশা চালক তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে ফারুককে স্কয়ার হাসপাতালে ভর্তি করেন।
রমনা থানার উপপরিদর্শক সামসুদ্দিন জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটির সন্ধান তারা পাননি।
পাবনা জেলার বেড়া উপজেলার সন্তান আবদুল্লাহ আল ফারুক ২০০৯ সালে কালের কণ্ঠে যোগ দেওয়ার আগে সমকালের প্রধান প্রতিবেদক এবং যুগান্তর ও সংবাদে রাজনীতি ও সংসদ বিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।
আগামী ১ জানুয়ারি ‘খোলা কাগজ’ নামে নতুন একটি পত্রিকায় তার যোগ দেওয়ার কথা ছিল বলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহেদ চৌধুরী জানান।
তিনি বলেন, সহকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য আবদুল্লাহ আল ফারুকের মরদেহ দুপুরে তার মোহাম্মাদপুরের বাসা থেকে জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে। সেখান থেকে নেওয়া হবে রিপোর্টার্স ইউনিটিতে। সাংবাদিকদের এ দুই সংগঠনেরই সদস্য ছিলেন তিনি।
দুপুরে জানাজার পর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আলাদা শোক বার্তায় ফারুকের মৃত্যুকে শোক প্রকাশ করেছেন।
আবদুল্লাহ আল ফারুক স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।


