বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় কোয়ালিফায়ার্স ম্যাচে না খেলেই ফিরে যাচ্ছেন ক্রিস গেইল। বরিশাল বুলসের হয়ে চলতি আসরে তিনি চারটি ম্যাচ খেলেছেন। তবে সেভাবে হাত খুলে খেলতে পারেননি। ৯২ রানের একটি ইনিংস খেলেছেন মাত্র। এছাড়া বাকি তিন ইনিংসে করেছেন যথাক্রমে ৮, ৮ ও ৩১ রান। তাই বরিশাল বুলসের হয়ে এবার তেমন কোনো চমক দেখাতে পারেননি এই মারকুটে ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতে মেলবোর্নের উদ্দেশ্যে রাতেই রওনা হওয়ার কথা তার। রংপুরের বিপক্ষে রবিবারের ম্যাচেতার জায়গায় বরিশালের হয়ে খেলছেন শ্রীলঙ্কার সেকুজিপ্রসন্ন। বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে খেলতে চুক্তিবদ্ধ গেইল। সেখানে ব্রিসবেন হিটের বিপক্ষে তার প্রথম ম্যাচ রয়েছে ১৯ ডিসেম্বর। বিদেশী ক্রিকেটারদের সঙ্গে বিগ ব্যাশের দলগুলির চুক্তি অনুযায়ী সপ্তাহখানেক আগে দলের সঙ্গে যোগ দিতে হয়। তাই চলে গেছেন গেইল।
রোববার টসের সময় গেইলের ফিরে যাওয়ার খবর নিশ্চিত করেন বরিশাল অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেছেন, ‘বিগ ব্যাশ খেলতে চলে গেছেন গেইল। আমরা অবশ্যই ওকে মিস করব।’
দীর্ঘদিন ধরে ভুগতে থাকা পিঠের চোট কাটাতে গত আগস্টে অস্ত্রোপচার করিয়েছিলেন গেইল। বিপিএল দিয়েই মাঠে ফিরেছেন চার মাস পর। আগামী ১৫ ডিসেম্বর ফাইনালে গেইলকে পাওয়ার আশা বরিশাল কর্তৃপক্ষের।



