গেজেট প্রকাশের পর প্রত্যেক সরকারি চাকরীজীবী নিজের বেতন নির্ধারণের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিজেদের পেনশন ও বোনাস নির্ধারণ করতে পারবেন। বৃহস্পতিবার অনলাইনে এভাবে বেতন ও পেনশন নির্ধারণ পদ্ধতির উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দুপুরে সচিবালয়ে এ পদ্ধতির উদ্বোধন করেন তিনি।
এসময় মুহিত বলেন, ২শ’ ৬৮ বছর ধরে যে পুরোনো পদ্ধতি ছিলো তা এখন ডিজিটালে পদ্ধতিতে রূপ নিলো। দেশে প্রথমবারের মতো চালু হওয়া এ পদ্ধতির ফলে হিসাবরক্ষণ অফিসে দৌড়াদৌড়ি ও হয়রানি থেকে মানুষ মুক্তি পাবে।
তিনি আরো বলেন, এটি দুর্নীতি ও হয়রানি রোধে কার্যকর ভূমিকা রাখবে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে সরকারি কমকর্তা-কর্মচারীদের বেতন ও পেনশন নির্ধারণ হবে। সরকারি কর্মকর্তারা শুধু তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর আর জন্ম তারিখ নির্দিষ্ট জায়গায় লিখলেই বেতন ও পেনশন নির্ধারণ হয়ে যাবে।
অর্থমন্ত্রী বলেন, এ অনলাইন পদ্ধতি প্রবর্তনের কারণে গতিশীল কর্মচারী ডাটাবেজ তৈরি, বাজেট প্রণয়ন ও হিসাবরক্ষণ বিশেষভাবে পরিচালিত হবে। পে-কমিশনের কার্যক্রম পরিচালনাসহ আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন তথ্য পাওয়ার ক্ষেত্রে এ ডাটাবেজ কাজ করবে।
উদ্বোধনের সময় অর্থসচিবের বেতন ও পেনশন নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক, সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বেতন ও পেনশন নির্ধারণের জন্য সরকারি চাকরিজীবীদের নির্ধারিত ওয়েবসাইট www.payfixation.gov.bd এ গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নির্দিষ্ট ছক পূরণ করতে হবে।


