অষ্টম বেতন কাঠামো অনুযায়ী এবারই প্রথম সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ (ফিক্সেশন) অনলাইনে করতে হবে। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ২টা থেকে চালু হচ্ছে। তবে সরকারি অনেক কর্মকর্তা-কর্মচারীর জাতীয় পরিচয়পত্র না থাকায় এটি নিয়ে জটিলতার শঙ্কা করা হচ্ছে। কারণ, অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই। কারও হারিয়ে গেছে।
পেফিক্সেশনডটগভডটবিডি (https://payfixation.gov.bd) ওয়েবসাইটে লগইন করে সরকারি কর্মচারীগণ অনলাইনে হিসাবরক্ষণ কার্যালয়ে বেতন নির্ধারণী ফরম দাখিল করতে পারবেন। হিসাবরক্ষণ কার্যালয় নতুন জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী দাখিলকৃত তথ্যাদি যাচাই/প্রতিপাদনকপূর্বক বেতন নির্ধারণ চূড়ান্ত করবেন।
তার নিজের বেতন নিজেই ফিক্সেশন করবেন। এরপর এর কপি সংশ্লিষ্ট হিসাব রক্ষণ দপ্তরে জমা দেবেন। আগে হিসাব রক্ষণ কর্মীরা এর হিসাব করতেন। এখন তা করা হবে না। এছাড়া প্রতিবছর ইনক্রিমেন্ট হবে ১ জুলাই থেকে। তাই ইনক্রিমেন্টের হিসাবও সহজ হয়েছে।
পে ফিক্সেশন ওয়েবসাইটে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ২ ঘটিকা থেকে ওয়েবসাইটটি ব্যবহার করা যাবে।
পে ফিক্সেশন সাইটটি শুধু সরকারি কর্মচারীদের জন্য। অন্য কেউ সাইটটিতে প্রবেশের অধিকার রাখেন না, এই ওয়েবসাইটের তথ্য ব্যবহার করার ফলে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে কোন ক্ষতির সম্মুখীন হলে তার জন্য কোনও দায়দায়িত্ব অর্থ বিভাগ বা সরকার গ্রহণ করবে না এবং এই ওয়েবসাইটের কর্মকাণ্ডের কোনো ধরনের অবিচ্ছিন্নতার জন্য অর্থ বিভাগ নিশ্চয়তা প্রদান করবে না।
অনলাইনে বেতন নির্ধারণের পূর্ব প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন হবে- জাতীয় পরিচয়পত্র, চাকুরীতে প্রথম যোগদানের তারিখ, দপ্তর ও পদবি সংক্রান্ত তথ্যাবলি। ৩০ জুন ২০১৫ তারিখের গ্রেড/বেতন ও গৃহীত মূলবেতন সম্পর্কিত তথ্য। এ পর্যন্ত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সংক্রান্ত তথ্যাদি এবং প্রিন্ট করার ব্যবস্থা।
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হওয়ার আগে যেসব কর্মকর্তা সিলেকশন গ্রেড পেয়েছেন, তাদের সে সুবিধা বহাল থাকছে। তবে বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল থাকবে না।
নতুন বেতন কাঠামো অনুযায়ী আগামী বছরের ১ জানুয়ারি থেকে বেতন পাবেন সরকারি চাকুরেরা। জুলাই থেকে কার্যকর হওয়া এ বেতন কাঠামোর বর্ধিত বকেয়া অর্থও ওই সময় দেয়া হবে।
গেজেট জারির আগ পর্যন্ত যেসব কর্মকর্তা-কর্মচারী সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সুবিধা পেয়েছেন, তাদের এ সুবিধা বহাল থাকবে। নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের আগে চাইলে বাকি কর্মকর্তারাও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল নিতে পারেন। তবে গেজেট জারির পর নতুন কাঠামো অনুযায়ীই সবকিছু চলবে। এখন টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বলতে আর কিছুই থাকবে না। এটা একেবারেই বাতিল করা হয়েছে।


