বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘স্বল্পোন্নত দেশগুলো বাজার সুবিধা চায়, প্রতিশ্রুতি নয়’

tamin-newsবাণিজ্যমন্ত্রী এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় এলডিসিভুক্ত দেশসমূহের সমন্বয়কারী তোফায়েল আহমেদ বলেছেন, ‘পণ্য ও সেবা খাতে এলডিসিভুক্ত (স্বল্পোন্নত) দেশগুলো বাণিজ্যিকভাবে অর্থবহ বাজার সুবিধার অঙ্গীকার চায়, কোনো প্রতিশ্রুতি নয়।’ বিগত মিনিস্ট্রিয়াল মিটিংসমূহের সিদ্ধান্ত বাস্তবায়ন করা জরুরী বলেও জানান তিনি।

কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মিনিস্ট্রিয়াল কনফারেন্সে বুধবার এলডিসিভুক্ত দেশসমূহের সমন্বয়কারী হিসেবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তোফায়েল আহমেদ বলেন, ‘উন্নত বিশ্বে এলডিসিভুক্ত দেশসমূহের জন্য অর্থবহ শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। স্বল্পোন্নত দেশগুলোর জন্য গৃহীত বালি প্যাকেজ, দোহা রাউন্ড এজেন্ডা বেশকিছু উন্নত দেশ বাস্তবায়ন করলেও কিছু উন্নত দেশ এখনো সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না। এলডিসিভুক্ত দেশসমূহ বিশ্ব বাণিজ্য সংস্থার সহযোগিতায় বহুপাক্ষিক বাণিজ্য সুবিধার অগ্রাধিকার চায়। বাণিজ্য উদারীকরণ এবং ভারসাম্য নীতির ক্ষেত্রে এলডিসিভুক্ত দেশগুলোর সমান সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।’

ট্রিপস চুক্তির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মন্ত্রী উন্নত বিশ্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দোহা রাউন্ডের অন্য সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হবে। এত অঙ্গীকারের পর উন্নত বিশ্বে এলডিসিভুক্ত দেশসমূহের বাজার সুবিধা ১.২৪ শতাংশের বেশী নয়। তেলের ওপর প্রদত্ত সুবিধা বাদ দিলে এ সুবিধা ০.৭২ শতাংশ হবে। এলডিসি দেশসমূহে ৬ হাজার ১০০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। তবে তেলের ক্ষেত্রে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে ৬ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের। এক্ষেত্রে তেলসহ অন্যান্য বাণিজ্য বাদ দিলে কেবল উৎপাদন খাতে বাণিজ্য ঘাটতি রয়েছে ১৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের। বিশ্ব বাণিজ্যে সেবা খাতে এলডিসিভুক্ত দেশসমূহের অংশীদারিত্ব মাত্র ০.৬৮ শতাংশ। এলডিসি দেশসমূহকে উৎপাদন ক্ষমতা বাড়াতে নীতি গ্রহণের সুযোগ দিতে হবে, নাইরোবি সম্মেলনে এটা নিশ্চিত করতে হবে।’

১৫ থেকে ১৮ ডিসেম্বর চার দিনব্যাপী কেনিয়ার নাইরোবিতে ডব্লিউটিওর দশম মিনিস্ট্রিয়াল কনফারেন্স-২০১৫ অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও) অমিতাভ চক্রবর্তী, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ব্যবসায়ী সংগঠনসহ মোট ১৯ জন প্রতিনিধি যোগদান করেছেন।

আরও পড়ুন