তৃণমূল কংগ্রেসের মূলস্রোতে মুকুল রায়ের ফেরা নিয়ে তির্যক মন্তব্য করলেন জেলবন্দি মদন মিত্র। সম্প্রতি, তৃণমূলের সক্রিয় বৃত্তে প্রত্যাবর্তন ঘটেছে মুকুলের। এদিন আলিপুর আদালতে ঢোকার মুখে, সেই বিষয়েই প্রশ্ন করা হয় প্রাক্তন পরিবহনমন্ত্রীকে। তখনই ওই মন্তব্য করেন তিনি।
এদিন প্রথমে অবশ্য খানিকটা এড়িয়ে যাওয়ার ভঙ্গিতেই উত্তর দিতে থাকেন মদন। তাঁকে প্রশ্ন করা হয়, দাদা মুকুল ফের দলে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সকলকে শুভ নববর্ষ। ফের তাঁর সামনে একই প্রসঙ্গ তোলা হলে এবারও তিনি বলেন, সকলকে শুভ নববর্ষ। হ্যাপি নিউ ইয়ার। মেরি ক্রিসমাস।
এরপরই প্রাক্তন মন্ত্রীর দিকে উড়ে আসে আরেকটি প্রশ্ন! আপনাকে কি স্কেপগোট করা হচ্ছে? সঙ্গে সঙ্গে প্রাক্তন মন্ত্রী হাসিমুখে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, আমাকে দেখে কি ছাগল মনে হয়?
এ তো গেল আদালতে ঢোকার সময়ের কথা! ১৪ দিনের জেল হেফাজতের পর, আদালত থেকে বেরনোর সময়ও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় মদন মিত্রকে! এবার বিষয় খোদ মুখ্যমন্ত্রী! এবারও মজার ছলে জবাব দিলেন মদন।
প্রশ্ন – সারদা নিয়ে মুখ্যমন্ত্রী কিছু জানেন?
উত্তরে মদন বলেন, এত কাগজে বেরচ্ছে। সবাই জানে। আরও লিখুন ভাল করে।
আবার প্রশ্ন – সারদা নিয়ে মুখ্যমন্ত্রী তদন্তকারীদের সাহায্য করতে পারেন?
মদনের জবাব, সেটা মুখ্যমন্ত্রী বলতে পারেন, আমি পারি না।
একদিকে যেমন তৃণমূলে ফের সক্রিয় মুকুল, অন্যদিকে তেমনই সাসপেনশন তুলে নেওয়া হয়েছে তাঁরই ঘনিষ্ঠ শিউলি সাহার উপর থেকেও! দু’জনের প্রসঙ্গ টেনেই এদিন তৃণমূলনেত্রীর প্রশংসা করেন মদন মিত্র! বলেন, মমতা যখন যেটা করেন, ভালোর জন্য করেন। মুকুল-শিউলির ব্যাপারে তাঁর যে সিদ্ধান্ত, মানুষের এবং বাংলার জন্য ভাল সিদ্ধান্ত।
হাইকোর্ট জামিন খারিজ করে দেওয়ার পর, সারদা কেলেঙ্কারিতে আপাতত জেলেই বন্দি মদন মিত্র। জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায়, এদিন তাঁকে আদালতে পেশ করা হয়।


