রাজধানীর মেয়র হানিফ উড়ালসেতুতে মোটরসাইকেল উল্টে গেলে চালক মনিরুল ইসলাম (৩০) নিহত এবং কামাল (২৬) ও সোহেল (২৮) নামে দুই আরোহী আহত হন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রণজিৎ সাহা বলেন, দুজনকে সঙ্গে নিয়ে মনির মোটরসাইকেল চালিয়ে যাত্রাবাড়ী থেকে রাজধানীর মিরপুরের দিকে যাচ্ছিলেন। দ্রুতগতিতে উড়ালসেতুতে ওঠার সময় তিনি নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা মনিরকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি যাত্রাবাড়ী থানায় রাখা হয়েছে।
মনিরের ছোট ভাই কল্লোল আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ভাইয়ের লাশ শনাক্ত করেন।
কল্লোল জানান, তাঁদের বাড়ি ঝিনাইদহের মহেশপুরে। বাবার নাম আবদুল আজিজ। তাঁর ভাই পেশায় একজন প্রকৌশলী। ঢাকার মিরপুরের বড়বাগ এলাকায় তাঁদের বাসা। যাত্রাবাড়ীতে বেড়াতে গিয়েছিলেন মনির।


