আরেকটি রানা প্লাজা দেখতে চাই না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
তিনি বলেন, ‘আমরা ভুল থেকে শিক্ষা নিতে চাই, আর ভুল করতে চাই না। আমি স্বাভাবিক মৃত্যু দেখতে চাই। কারও জন্য অস্বাভাবিক মৃত্যু দেখতে চাই না।’
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার সকালে দুটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মুস্তাফা কামাল।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর জামিলুর রেজা চৌধুরী। বক্তব্য দেন জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ মিকিও হেতাদা। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা সচিব শাহ কামাল এবং গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ মঈনুদ্দিন আব্দুল্লাহ।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সারাদেশে বিশেষ করে ঢাকা শহরে জমির ম্যাপিং করতে হবে। তার পর কোন এলাকায় কেমন বিল্ডিং করা যাবে তা ঠিক করে দিতে হবে।’
তিনি বলেন, ‘ভূমিকম্পের মতো দুর্যোগের পূর্বাভাস পাওয়া যায় না। তাই দুর্যোগ মোকাবেলা করা না গেলেও আমরা সচেতনতা বৃদ্ধি করে ক্ষয়ক্ষতি কমাতে পারি। সচেতনতার বিকল্প নেই। এ জন্য সরকারিভাবে ইউনিয়ন পর্যায় পর্যন্ত জমির জোনিং করা প্রয়োজন। কেননা মানুষ মনে করে নিজের টাকায় বিল্ডিং বানাচ্ছি কার কী আসে যায়।’
তিনি জানান, সরকার কাজ শুরু করেছে। সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।


