মদন মিত্র চোর নয় বলে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় বৈঠকে তিনি বলেন, বিধানসভা ভোটের আগে তৎপর হয়েছে সিবিআই। মদন চোর নয়। আমি এখনও সেটাই বিশ্বাস করি।
অনেকদিন পরে মদন মিত্রের পাশে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সারদাকাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পরেই মুকুল রায়, মদন মিত্রদের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তৃণমূলনেত্রীর। শঙ্কুদেব পণ্ডাকে তো সিজিও কমপ্লেক্স থেকে ফিরতে না ফিরতেই দলীয় সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এরই মধ্যে মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান তিনি। এর পরেই মদন মিত্র চোর নয় বলে বার্তা দিলেন মমতা।
তৃণমূল কংগ্রেস-সূত্রে খবর, শনিবার কালীঘাটে দলের বৈঠকে মমতা বলেন, ‘‘আমি এখনও বিশ্বাস করি মদন টাকা চুরি করেনি। আমি এখনও সেটাই বিশ্বাস করি। বিজেপির রাজৈনিতক অস্ত্র সিবিআই। বিধানসভা ভোটের আগে তৎপর হয়েছে সিবিআই। আমরা রাজৈনিতকভাবে মোকাবিলা করব।’’
এদিন হেরল্ড মামলায় সনিয়া, রাহুল গাঁধীর জামিনের পরেই কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে সিবিআইকে অস্ত্র করার অভিযোগ তুলেছে। একই দিনে মমতাও একই সুরে কেন্দ্রকে আক্রমণ করেছেন। উল্লেখ্য, মদন মিত্র গ্রেফতার হওয়ার সময়ে তিনি সরব হন। আন্দোলনের ডাক দেন। কিন্তু একটু একটু করে দূরত্ব বাড়াতে থাকেন। এর পরে মদন মিত্র সিবিআই নজরদারিতে গৃহবন্দি থাকার সময়ে, হাসপাতালে ভর্তি হওয়া, ফের হাইকোর্টের নির্দেশে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়া— কোনও কিছু নিয়েই মুখ খোলেন নি মমতা। এমনকী, মদন মিত্রকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সময়েও নয়। অবশেষে নতুন বার্তা দিলেন মমতা, যা নিশ্চিতভাবে জেলে থাকা মদন মিত্রকে অনেকটা ভরসা জোগাবে।


