বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পার্টনারশিপের ভিত্তিতে পৌরসভা নির্বাচনে মেয়রসহ কাউন্সিলর পদগুলো ছিনিয়ে নিতে চাচ্ছে সরকার ও নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী সরকারের গেম থিওরির একটাই উদ্দেশ্য, তা হলো- মাঠে প্রতিপক্ষ না রাখা।
তিনি বলেন, আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে ভোটারবিহীন সরকারের অশুভ তেজারতি জনগণের বুঝতে বাকি নেই। সরকার জনগণের শক্তিতে বিশ্বাস করে না। সরকার নির্লজ্জ হয়ে পড়েছে বলেই জনগণের সমালোচনাকে অগ্রাহ্য করে নির্বাচনী ফলাফলকে আত্মসাৎ করতে উঠে-পড়ে লেগেছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ অবশ্যই গণতন্ত্রকে উদ্ধার করবে, তাতে যতই ‘ডিক্টেটরিয়াল কন্ট্রোল’ মানুষের ওপর আরোপ করা হোক না কেন। সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ ভোটাররা নির্বাচনের দিনে ভোট দিবেন।
রিজভী বলেন, ক্ষমতাসীন হওয়ার পর থেকে প্রধানমন্ত্রীসহ শাসকদলের লোকজনের বিরোধী দলকে গালাগালি করা এবং নির্মূল করার হুমকি দেওয়া যেন একটি ফ্যাশন।
তিনি বলেন, রোদ-ঝড়-বৃষ্টি বা গ্রীস্ম-শীত-বসন্ত নেই, আমাদের জাতীয় দিবসসহ বিভিন্ন উৎসবের দিনেও বিরোধী দলের নেতা-নেত্রীকে কষে গাল দিতে না পারলে যেন প্রধানমন্ত্রীর ঘুম হারাম হয়ে যায়। তিনি গালাগালি ও সহিংস সন্ত্রাসের অভিনব আবিষ্কারক।


