বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সেনা মোতায়েনের পরিস্থিতি নেই: সিইসি

rrrr_180843আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েন করার মতো কোনও পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর দুপুরে সাংবাদিকদের একথা জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘বৈঠকে তারা জানিয়েছেন- পৌর নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় সেনাবাহিনীর রাখার মতো কোনও পরিস্থিতি নেই। মাঠে র‌্যাব-পুলিশ থাকবে। পরিস্থিতি অনুকূলে রয়েছে।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের কথা শুনেছি। মাঠে উদ্বেগজনক পরিস্থিতি নেই। পরিস্থিতি অনেক ভালো। আচরণবিধি মেনেই প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন।’

কাজী রকিবউদ্দীন বলেন, ‘পরবর্তীকালে পরিস্থিতি অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবো। সেই অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়নে হবে।’

সিইসি বলেন, ‘বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলেছেন- ভোটের সময় কোনও উদ্বেগজনক পরিস্থিতির আশঙ্কা নেই।’

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিটি নির্বাচনের আগেই অমারা ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ করে থাকি। এবারও শেষ সময় গিয়ে সেটি করা হবে। সেই অনুযায়ী ওই এলাকায় ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘সাংবাদিকের ব্যাপারে অতীতে ভুল বোঝাবুঝি হয়েছিল। এবার তা ঠিক হয়ে যাবে। আপনারা পরিস্থিতি দেখবেন, খেয়াল রাখবেন। আপনারা সেখানে বেশিক্ষণ উপস্থিত থাকবেন না। আপনাদের সহায়তায় খবর পেয়ে যেন ব্যবস্থা নিতে পারি। আপনারা সহায়তা করবেন বলে আশা করি।’

তিনি বলেন, ‘সবাইকে নির্দেশনা দিয়েছি- যেকোনও অভিযোগ, যার কাছ থেকেই আসুক না কেন দেখবেন, তদন্ত করে অ্যাকশন নেবেন। প্রতিদিন রির্টানিং অফিসাররা রিপোর্ট করবেন। এটা আরও জোরদার হবে। বিধি লঙ্ঘন হলে অ্যকশন নেবেন, তাদের বলা হয়েছে।’

নির্বাচন চলাকালে মাঠপর্যায়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন হলে অ্যাকশন হবে। আমারা আশাবাদী নির্বাচন আনন্দমুখর ও সুষ্ঠু হবে।’

আরও পড়ুন