বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মানব উন্নয়ন সূচকে পাকিস্তান-নেপালের চেয়ে এগিয়ে বাংলাদেশ

1426558জাতিসংঘ উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) বার্ষিক মানব উন্নয়ন সূচকে বিশ্বের ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশ তার অবস্থান ধরে রেখেছে। এ বছরও বাংলাদেশের অবস্থান ১৪২তম। আজ রবিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে ইউএনডিপি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) যৌথভাবে প্রকাশিত মানব উন্নয়ন সূচক ২০১৫ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ সময় ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন এবং ইউএনডিপির প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই সূচকে নেপাল ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৪৫ ও ১৪৭। প্রতিবেদনে বলা হয়, গত দুই দশক ধরে মানব উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ভালো। অন্যদিকে পাকিস্তান খারাপ করছে এবং ভারতের অবস্থান বেড়ে ১৩০তম হয়েছে। যেখানে গত বছর ভারত ও পাকিস্তানের অবস্থান ছিল যথাক্রমে ১৩৫ ও ১৪৬।

এ সময় মেজবাহ উদ্দীন বলেন, এটা আমাদের অনেক বড় অর্জন। জিডিপি প্রবৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা খাতে আমরা এগিয়ে যাচ্ছি। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। দেশে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হয়েছে, অতি দারিদ্র্যতা নিরসন হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত দুই দশক ধরে বাংলাদেশ বিভিন্ন খাতে প্রতি বছর ১ দশমিক ৫৫ শতাংশ হারে উন্নতি করেছে। মানুষের মৌলিক চাহিদাসহ সার্বিক গুরুত্বপূর্ণ খাতের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

আরও পড়ুন