বিজয়ের মাসেই চলে গেলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রাশেদুল হোসেন। রাত তিনটার দিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
মুক্তিযুদ্ধ শুরু হবার পর, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র নামে একটি নতুন অধ্যায় শুরু করেন তৎকালীন পাকিস্তান বেতারের তিনজন কর্মী বেলাল মোহাম্মদ, আবদুল্লাহ আল ফারুক এবং আবুলে কাশেম সন্দীপ। পরে তাদের সাথে যোগ দেন আরও অনেকে। তাঁদেরই একজন রাশেদুল হোসেন।
অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসার খরচ মেটাতেও হিমশিম খাচ্ছিলো পরিবার। অবশেষে সবাইকে মুক্তি দিয়ে পাড়ি জমালেন না ফেরার দেশে।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩ টার দিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান এই শব্দসৈনিক। এ সময় স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।
কিডনি জটিলতাসহ নানা সমস্যা নিয়ে শনিবার তাকে ভর্তি করা হয় হাসপাতালের আইসিইউতে।
রাশেদুল হোসেনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
মুক্তিযুদ্ধের সঠিক তথ্য প্রচার ও বীর বাঙালিকে উৎসাহ যোগাতে, প্রতিষ্ঠা করা হয়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আর রণাঙ্গনে দেশমাতৃকার জন্য প্রাণপণে লড়াই চালিয়ে যাওয়া যোদ্ধাদের সাহস জোগান এই বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীরা।


