কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার অশ্লীল অনুবাদের অভিযোগে কাঠগড়ায় চিনের লেখক। তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন চিনের রবীন্দ্রনাথ অনুগামীরা। সম্প্রতি ফেং ট্যাং নামে চিনের এক লেখক রবীন্দ্রনাথের কিছু কবিতার অনুবাদ করেন। তারপরই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন রবীন্দ্র অনুগামীরা। রবীন্দ্রনাথের প্রশংসার বদলে তাঁকে উপহাস করতেই এই অনুবাদ বলে সরব হয়েছেন তাঁরা।
কলামনিস্ট রেমন্ড ঝোউ লিখেছেন, এশিয়ার সাহিত্য সম্রাটদের মধ্যে রবীন্দ্রনাথ অন্যতম। তিনি গোটা বিশ্বেই সমাদৃত। চিনেও ভালোবাসার পাত্র তিনি। এর আগেও তাঁর লেখা চিনা ভাষায় অনুবাদ হয়েছে। ভবিষ্যতেও তা হবে। কিন্তু ওই লেখক (ফেং ট্যাং) রবীন্দ্রনাথের লেখার অনুবাদের নামে সেই লেখায় নিজের মতামত ঢুকিয়ে শিরোনামে এসেছেন। সমালোচনার সুরে ঝোউ আরও বলেন, রবীন্দ্রনাথের লেখাকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করে অনুবাদ করেছেন ফেং ট্যাং।


