বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা বিমানবন্দরে সাড়ে ১৪ কেজি সোনা

Gold-Air ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সাড়ে ১৪ কেজি সোনাসহ চারজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, বুধবার দুপুরে আটক ওই চারজনের মধ্যে দুজন নারী।

এরা হলেন- আনোয়ারা বেগম (৩০), ফারজানা মনি (২৫), আনোয়ার পারভেজ (২৫) ও ওসমান সোহেল (২৯)।

এদের মধ্যে আনোয়ারা ও ফারজানার কাছে মোট সাড়ে ১৪ কেজি ওজনের ১২৫টি সোনার বার পাওয়া যায়। বাকি দুই যুবক কুয়েত থেকে দেশে ফিরেছেন।

গোয়েন্দাদের ধারণা আটক চারজনই ‘সোনা চোরাচালান চক্রের’ সদস্য। ওই দুই নারী চট্টগ্রামে একটি ‘পার্লারে’ কাজ করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অধিদপ্তরের মহাপরিচালক মইনুল বলেন, বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি কুয়েত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। দুই নারী চট্টগ্রাম থেকে বিমানে উঠেন আর আনোয়ার ও ওসমান কুয়েত থেকে এসেছিলেন। কুয়েতফেরত দুই যুবকই সম্ভবত সোনারবার নিয়ে এসেছিল। পরে পরিকল্পনা অনুযায়ী আটক এড়াতে ওই দুই নারীকে ব্যবহার করেন। বারগুলো নারীরা তাদের কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রেখেছিলেন।

উদ্ধারকৃত সোনার বর্তমান বাজার দর আনুমানিক সাত কোটি টাকা। আটকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মইনুল খান জানান।

আরও পড়ুন