বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফাঁসির আসামি ওসি রফিকের মৃত্যু

untitled-1_181724রাজধানীর কাফরুলে ঢাকা কমার্স কলেজের ছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মতিঝিল থানার সাবেক ওসি রফিকুল ইসলাম মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক জানান, কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে এসেছিল। চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করেন। লাশ ঢামেক হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম  জানান, বুকে ব্যথা অনুভব করায় রফিককে হাসপাতালে আনা হয়েছিল।

২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর কাফরুল থানার ইব্রাহিমপুরে নিজ বাড়ির কাছে ঢাকা কমার্স কলেজের ছাত্র মোমিনকে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা প্রয়াত আবদুর রাজ্জাক বাদি হয়ে মতিঝিল থানার তৎকালীন ওসি রফিকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই বছর ১৬ অক্টোবর রফিক আদালতে আত্মসমর্পণ করেন। পরে ২০১১ সালের ২১ জুলাই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম ওসি রফিকুল ইসলামসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও মামলার অন্য ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন। রায় বিবেচনায় থাকায় ওসি রফিক কারাগারে ছিলেন।

আরও পড়ুন