একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলায় যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ ৯ জনের বিচার শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে বুধবার চার্জ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি এম আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাখাওয়াতসহ ৯ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নিয়ে এ চার্জ গঠন করেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আব্দুর সক্কুর খান। রাষ্ট্রপক্ষে ছিলেন রিয়াজ আল মালুম।
চার্জ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিভাববে বিচারকাজ শুরু হলো। ৯ আসামির মধ্য সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনসহ ৩ জন কারাগারে ও বাকিরা পলাতক রয়েছেন।
গত বছরের ২৯ অক্টোবর এই মামলার অন্যতম আসামি যশোরের কেশবপুর আসনের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয়।
এই মামলার আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য মো. সাখাওয়াত হোসেন, বিল্লল হোসেন, মো. ইব্রাহিম হোসেন, শেখ মো. মজিবুর রহমান, মো. আব্দুল আজিজ সরদার, আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম, লুৎফর মোড়ল ও আব্দুল খালেক মোড়ল ।


