রংপুরে উৎস রহমান (৩৪) নামে এক সাংবাদিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে তাঁর মৃতদেহ রংপুর মহানগরীর মডার্ন ধর্মদাস ধান গবেষণা ইন্সটিটিউট এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়।
দুর্বৃত্তরা গাছের সঙ্গে নিহতের হাত-পা বেঁধে ওই সাংবাদিকের মুখে মাফলার পেঁচিয়ে হত্যা করে। তাঁর মুখে আঘাতের চিহৃ রয়েছে। নিহত উৎস রহমান রংপুরের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক যুগের আলো’র জ্যেষ্ঠ নিজস্ব প্রতিবেদক। তিনি মহানগর সিটি প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামের সদস্যসচিব। তিনি রংপুর মহানগরীর স্টেশন খামারপাড়ার শামসুল হুদার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উৎস রহমান প্রতিদিনের মতো গতরাতে যুগের আলো পত্রিকায় কাজ শেষে বাড়ির উদ্দেশে বের হন। তবে রাতে তিনি তাঁর নিজ বাড়িতে ফেরেনি। আজ বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন তার মৃতদেহ দেখে প্রথমে পুলিশকে খবর দেয়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে তাঁর পরিবারের লোকজন উৎস রহমানকে ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করেন। বর্তমানে তাঁর মৃতদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী সাংবাদিকদের বলেন, “ঘটনাটি রহস্যজনক। দ্রুত তদন্ত করে ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।” এদিকে, সাংবাদিক উৎস রহমানের হত্যাকাণ্ডের ঘটনায় রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি শরিফুজ্জামান, সাধারণ সম্পাদক শাকিল আহমেদসহ রংপুরের সাংবাদিকরা ঘাতকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


