বুধবার ৪ নভেম্বর ২০২৬

সিলেকশন গ্রেড-টাইম স্কেল বহালের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

Selection-Gradeসিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, ক্যাডার-নন ক্যাডারের মধ্যে বৈষম্য নিরসনসহ কয়েকটি দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কমিটির সদস্যরা কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে জমায়েত হন। পরে তারা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা হয়। মিছিলটি ফার্মগেট কৃষি গবেষণা কাউন্সিলের সামনে এলে পুলিশ বাধা দেয়। এ সময় প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সদস্য অধ্যাপক ডা. মাহমুদ হাসানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন- স্টিয়ারিং কমিটির সদস্য সচিব মো. ফিরোজ খান, স্টিয়ারিং কমিটির সদস্য মো. মোবারক আলী, প্রফেসর ডা. এম, ইকবাল আর্সলান, মো. আব্দুস সবুর, স. ম. গোলাম কিবরিয়া ও বিসিএস সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুমে রব্বানী খান।

প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে অন্য কর্মকর্তারা রাস্তায় অবস্থান করেন। স্মারকলিপি দিয়ে ফিরে আসার পর বিস্তারিত অবহিত হয়ে কর্মকর্তারা রাস্তা ছেড়ে দেন। তবে এক ঘণ্টা ধরে রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

স্মারকলিপিতে বলা হয়, সরকারি প্রথম শ্রেণির চাকরিতে যোগদানের ক্ষেত্রে ক্যাডার-নন ক্যাডার বৈষম্যের সিদ্ধান্ত বাতিল, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কর্তৃত্ব বাতিল, আন্তক্যাডার বৈষম্য নিরসন এবং সব ক্যাডার ও সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে সুপারনিউমারি পদ সৃষ্টি, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সব ধরনের প্রেষণ বাতিল এবং কৃত্য পেশাভিত্তিক প্রশাসন গড়ে তোলার দাবি জানানো হয়।

দাবি আদায়ে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি ২৭ থেকে ৩০ ডিসেম্বর প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করবে। ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। ২০ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর দাবি আদায়ে কালো ব্যাজ ধারণ কর্মসূচি চলছে।

আরও পড়ুন