‘ঝুমকা গিরা রে, বরেলি কে বাজার মে’ বা ‘আজা আই বাহার’ গানগুলি বাজলেই, ছবির মতো যে অভিনেত্রীর মুখ সকল দর্শকের সামনে ভেসে উঠত, আজ তিনিই চিরবিদায় জানালেন সারা বিশ্বকে। ‘
ছয় এবং সাতের দশকে হিন্দি ছবিতে তাঁর অভিনয় সম্মোহিত করে রেখেছিল দর্শকদের। প্রায় ৩৫টি ছবিতে অভিনয় করেছেন তিনি। রাজকপূরের ছবি ‘শ্রী ৪২০’-এ প্রথম দেখা যায় সাধনাকে। তবে নায়িকার ভূমিকায় নয়, এই ছবির ‘মুড় মুড় কে না দেখ’ – গানটিতে কোরাসে ছিলেন তিনি।
পরাখ’, ‘আসলি-নকলি’, ‘এক মুসাফির এক হাসিনা’, ‘মেরে মেহেবুব’, ‘মেরা সায়া’, ‘ইন্তেকাম’, ‘এক ফুল দো মালি’, ‘গীতা মেরে নাম’, ‘লাভ ইন সিমলা’, ‘প্রেমপত্র’, ‘রাজকুমার’, ‘আপ আয়ে বাহার আয়ি’, ‘হাম সব চোর হ্যায়’, ‘ছোটে সরকার’-এর মতো ছবিগুলিতে তাঁর অভিনয় চিরদিনের জন্য দাগ কেটে গিয়েছে দর্শকের মনে।
সেইসময় শুধু ভাল ছবি করেই দর্শক মনে দাগ কাটেননি সাধনা। তাঁর নিজস্ব হেয়ারস্টাইল বা ফ্রিন্জ কাট এখনকার প্রজন্মের কাছেও ‘সাধনা কাট’ হিসেবে যথেষ্ট জনপ্রিয়।
প্রয়াত প্রখ্যাত অভিনেত্রী সাধনা। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে আজ সকালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। সূত্রের খবর সাধনা ক্যান্সারে ভুগছিলেন। তবে সাধনার পরিবার বা হাসপাতালের তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
১৯৪১ সালের ২ সেপ্টেম্বর অভিভক্ত ভারতের করাচি শহরে জন্মে ছিলেন সাধনা। সাধনার মৃত্যুতে শোকাহত গোটা বলিউড।


