অভিনেত্রী চম্পা নানি হয়েছেন। তার একমাত্র মেয়ে এশা সম্প্রতি যমজ ছেলের জন্ম দিয়েছেন। গেল ২৫ অক্টোবর সিঙ্গাপুরের থমসন মেডিকেল সেন্টারে এশা যমজ সন্তানের জন্ম দেন বলে জানিয়েছেন চম্পা। সিঙ্গাপুরে মেয়ের পরিবারের সঙ্গে চার মাস ছিলেন তিনি। সম্প্রতি সবাইকে নিয়ে দেশে ফিরেছেন গুণী এই অভিনয়শিল্পী।
নানি হওয়ার পর কেমন লাগছে জানতে চাইলে চম্পা বলেন, ‘এ অনুভূতি অনেক মধুর। আমার তো একটাই সন্তান। আমার মা হওয়ার অনুভূতি ছিল চমৎকার। এখন একসঙ্গে দুই নাতি পেয়ে আমি আনন্দে দিশেহারা হয়ে যাচ্ছি। আমার যেহেতু ছেলেসন্তান নেই, তাই দুই নাতিকে একসঙ্গে দেখতে পেয়ে ভীষণ আনন্দ হচ্ছে।’
চম্পা আরও বলেন, ‘আমার বয়স যে বাড়ছে এটা নিয়ে মোটেও বিচলিত নই আমি। কারণ, প্রতিটি বয়সের আলাদা সৌন্দর্য আছে। তবে এখন যেহেতু আমি নানি হয়েছি, তাই আমাকে সুস্থ থাকতে হবে। নিজের মন আরও ভালো রাখতে হবে। তা না হলে সুস্থ থাকব কী করে?’
এদিকে, নাতি দুজনের নাম কী রাখা হয়েছে জানতে চাইলে চম্পা বলেন, ‘তাদের নাম আমরা রেখেছি আরজান ও আরিশ। আর আমি আপাতত ঠিক করে রেখেছি আমার নাতিরা আমাকে ‘নিনি’ বলে ডাকবে। তবে আরও ভালো হতো যদি আমার ভক্তরা ঠিক করে দিতেন, কী নামে ডাকবে আমাকে নাতিরা? আমি তাদের দেওয়া নাম শোনার জন্য অপেক্ষায় থাকব।’


