বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শাকিলা জাফর ফের বিয়ের পিঁড়িতে

Sakila-Jafor-অনেকটা চুপিসারে ফের বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিলা জাফর। এবারের স্বামীর রবি শর্মা। কয়েক মাস আগে নাকি তারা বিয়ে করেছেন। তবে এটি গত কয়েকদিন হলো বিনোদনপাড়ায় জানাজানি হয়েছে।

জানা গেছে, প্রায় আড়াই বছর আগে শাকিলা ও রবির পরিচয়। পেশায় তড়িৎ প্রকৌশলী রবি শর্মা একটি বেসরকারি কোম্পানিতে উচ্চ পদে চাকরি করেন। তবে তার বড় পরিচয়, তিনি একজন কবি। নিয়মিত কবিতা লেখেন। কিছুদিন আগে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান টাইমস মিউজিক থেকে ‘মুনলাইট হুইসপার’ নামে তার লেখা গানের একটি অ্যালবাম বেরিয়েছে।

রবি শর্মাই প্রথম শাকিলা জাফরকে বিয়ের প্রস্তাব দেন। ঘরোয়াভাবে তাদের এই বিয়ে সম্পন্ন হয়। তবে ঠিক কত তারিখে শাকিলা জাফর বিয়ে করেছেন জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি।

শাকিলা জাফর বলেন, ‘আমার বিয়ে নিয়ে আর বেশি কথা না হওয়াই ভালো। অনেক অনলাইন পত্রিকা যা ইচ্ছে তাই লিখে যাচ্ছে এটা ঠিক নয়। আমাদের দেশের মানুষ কবে শিক্ষিত হবে?’

শাকিলা বলেন, `অনেক দিন ধরেই রবিকে আমি চিনেছি, জেনেছি। সে আগাগোড়াই একজন ভালো মানুষ। টুকটাক লেখালিখিও করে।`

তিনি আরো বলেন, `আমাদের বোঝাপড়াটা বেশ ভালো। তাছাড়া আমি অনেকদিন একাই ছিলাম। পারস্পরিক সমঝোতায় বিয়ে করার সিদ্ধান্ত নিই। আমার পরিবারের সবাই রবিকে খুবই পছন্দ করেছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।`

প্রসঙ্গত, শাকিলা জাফর প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরেক প্রকৌশলী মান্নার সঙ্গে। নানা কারণে সেই সম্পর্কের ইতি ঘটে।

আরও পড়ুন