বাংলাদেশে চলাচলের ব্যাপারে নিজ নাগরিকদের আবার সতর্ক করল ব্রিটিশ সরকার। ২৫ ডিসেম্বর রাজশাহীতে আত্মঘাতী বোমা হামলার পরিপ্রেক্ষিতে আজ সোমবার নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়, ‘পশ্চিমাদের লক্ষ্য করে আরো হামলা হতে পারে এবং তা নির্বিচারে হতে পারে।’ ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে এ সতর্ক অবস্থা সংক্রান্ত নোটিশটি দেখা যায়।
ওয়েবসাইটে বলা হয়, বাংলাদেশ সন্ত্রাসী কর্মকাণ্ডের ক্ষেত্রে উচ্চমাত্রার ঝুঁকিতে আছে। চলতি বছর সেপ্টেম্বর থেকে বাংলাদেশে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
ওয়েবসাইটের ওই নোটিশে ইতালীয় পাদ্রির ওপর হামলা, শিয়া সম্প্রদায়ের ওপর দুইবার হামলা, পুলিশের ওপর হামলা এবং সর্বশেষ রাজশাহীতে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার কথা উল্লেখ করা হয়। সব হামলার দায়দায়িত্ব আইএস স্বীকার করেছে বলে ওই নোটিশে বলা হয়।
সতর্কবার্তায় বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের চলাফেরার পরিসর সীমিত করে ফেলার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চলাফেরার ক্ষেত্রে বেশ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
এর আগেও ব্রিটিশ সরকারের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশে চলাফেরার ব্যাপারে নিজ নাগরিকদের সতর্ক করে দেওয়ার নোটিশ দেয়। এ কারণে বাংলাদেশে নির্ধারিত সফরও বাতিল করে দেয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল।


