পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির বেশ কিছু অভিযোগ ‘অতিরঞ্জিত’ ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
সোমবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।
মো. শাহনেওয়াজ বলেন, ‘বিএনপি নির্বাচন কমিশনে বেশ কিছু অভিযোগ জমা দিয়েছে। তার মধ্যে বেশ কিছু অতিরঞ্জিত ছিল।’
তিনি বলেন, ‘শুধু বিএনপি না, যে কারও বাস্তবসম্মত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।’
নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দায়িত্ব পালনে কারো বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ভোটারদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।
এছাড়া নির্বাচনী এলাকায় বহিরাগতরা রাত ১২টার পর অবস্থান করতে পারবেন না জানিয়ে তিনি বলেন, এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।


