বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

খালেদার সাজার দাবিতে গুলশানে অবস্থান, নিরাপত্তা জোরদার

108277_aaaaমুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য সাজার দাবিতে আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘেরাওয়ের জন্য এখন সংগঠনটির নেতা-কর্মীরা রাজধানীর গুলশান ২ নম্বর গোলচত্বরে অবস্থান করছেন। সেখান থেকে তাঁরা খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘেরাও করতে যাবেন বলে জানা গেছে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় প্রথমেই খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি। মুক্তিযুদ্ধ নিয়ে যেন কটূক্তি করা না যায়, এ জন্য মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন করারও দাবি জানান তিনি।

এ সময় ফেরদৌসী প্রিয়ভাষিণী সাংবাদিকদের বলেন, তিনি (খালেদা জিয়া) যা, তা একটি কথায় প্রমাণ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিনে তিনি কেক কেটে জন্মদিন পালন করেন। তাঁকে আর নতুন করে কী চিনব? তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা উচিত।

গুলশান ২ নম্বর গোলচত্বরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান ও স্বজনেরা অবস্থান নিয়েছেন। সেখানে তাঁরা খালেদা জিয়ার সাজার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন ও মিছিল করছেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীসহ প্রমুখ।

উল্লেখ্য, গুলশান ২ নম্বর গোলচত্বরের পাশে ৭৯ নম্বরে খালেদা জিয়ার বাসভবন এবং ৮৬ নম্বরে তাঁর কার্যালয়।

আরও পড়ুন