ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার ও বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকের সময় টিউলিপ এসব কথা বলেন।
এই ব্রিটিশ এমপি বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের অনেক মিল রয়েছে।’ এ সময় তিনি বাংলাদেশের সংসদীয় কার্যক্রমের প্রশংসা করেন।
স্পিকার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়লাভ করে ঐতিহ্যবাহী ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করায় টিউলিপ সিদ্দিককে আন্তরিক অভিনন্দন জানান। তিনি ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘তাঁর এ অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’
শিরীন শারমিন বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ‘অধিকতর স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে বাংলাদেশের সংসদীয় কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সংসদ অধিবেশন চলাকালে প্রতি বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব এবং সংসদীয় স্থায়ী কমিটিতে সংসদ সদস্যদের সভাপতি নির্বাচনের ফলে সংসদ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।’
বৈঠকে টিউলিপ ও স্পিকার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। পরে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ ও জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আশরাফুল মকবুল এবং টিউলিপ সিদ্দিকের স্বামী ক্রিস পার্সি উপস্থিত ছিলেন।


