বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাসচাপায় ২ বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আজ সোমবার সন্ধ্যায় বাসচাপায় নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ত্রিশালের দরিরামপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন।

নিহত দুই শিক্ষার্থী হলেন আবদুল্লাহ আল মামুন (২০) ও মাহফুজুর রহমান (২২)। মামুন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং মাহফুজুর একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সাতটার দিকে মামুন ও মাহফুজুর মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ময়মনসিংহ শহরে যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিশ্ববিদ্যালয় বাইপাস এলাকায় ঢাকা থেকে নেত্রকোনাগামী একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মামুন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাহফুজুরের মৃত্যু হয়। দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোয়া সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে রাত পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহিতুল আলম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর তাঁরা অবরোধ তুলে নেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে তাঁরা উপাচার্যের অনুরোধে অবরোধ তুলে নেন।

আরও পড়ুন