নানা অনিয়ম, জাল ভোট, কেন্দ্র দখল, বর্জন ও সংঘর্ষের মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দেশের ২৩৪ পৌরসভায় একযোগে আজ বুধবার এ ভোটগ্রহণ করা হয়। সকাল ৮টা থেকে কোন বিরতি ছাড়া বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। তবে কোনো কোনো পৌরসভায় ভোট গ্রহণের আগে থেকেই শুরু হয়েছে সহিংসতা। চট্টগ্রামের সাতকানিয়ায় ভোট কেন্দ্রে গুলিতে নুরুল আমনি (৪৮) নামে একজন নিহত হয়েছেন। সকাল ৯টায় বরগুনার গগন স্কুল কেন্দ্রে ভোটারদের সঙ্গে যৌথবাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় ওসি ও সাংবাদিকসহ ১০জন আহত হয়েছেন। কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন অন্তত ২২ জন বিএনপি ও স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থী। এছাড়া সংঘর্ষ ও কেন্দ্র দখলের কারেণে ৩৩টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
রাতে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় মাদারীপুরের কালকিনি পৌরসভায় ২টি ও কুমিল্লার বড়ুরার এক কেন্দ্র স্থগিত করা হয়েছে।এছাড়া ভোট শুরুর পর চট্টগ্রামের সীতাকুন্ড, জামালপুর, পটুয়াখালী, বরগুনা,টাঙ্গাইল, নীলফামারী, মতলব, ফরিদগঞ্জসহ বিভিন্ন জেলায় দুপুর ১টা পর্যন্ত ৩৩টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আধিপত্য বিস্তার ও জালভোটের অভিযোগে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিসাইডিং কর্মকর্তারা ভোটগ্রহণ স্থগিত করেন।
ভোট শুরু এক ঘন্টা পরই কেন্দ্র দখল নিয়ে মুন্সিগঞ্জের যৌঘিনিঘাট কেন্দ্রে আওয়ামী লীগ ও স্ততন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। যুগান্তরের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আরিফউল ইসলাম জানান, সকাল ৯টার দিকে স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম সংগ্রাম ভোট কেন্দ্র যাওয়ার পর তার ওপর আওয়ামী লীগ সমর্থকরা হামলা চালায়। এসময় রেজাউল ইসলাম সংগ্রামের ৫ সমর্থক আহত হয়।
এদিকে সীতাকুণ্ডে বিএনপি প্রার্থীর ওপর হামলা করেছে প্রতিপক্ষ।এছাড়া পিরোজপুরের স্বরূপকাঠিতে বিএনপির এজেন্টকে মারধরের ঘটনা ঘটেছে।দাগনভূঞায় বিএনপি প্রার্থীর ওপর হামলা করেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা।
চট্টগ্রামের সাতকানিয়া যুগান্তর প্রতিনিধি জানান, পৌরসভায় ভোট দিয়ে বের হওয়ার পর কেন্দ্রের অদূরে মো. নুরুল আমিন (৪৮) নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার ভোট শুরুর কিছুক্ষন পর সাতকানিয়া কলেজ কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ নুরুল আমিন সাতাকনিয়ার গোয়াজর পাড়ার আবদুর রহিমের ছেলে। কক্সবাজারের মহেশখালীতে তার একটি লেপ তোষকের দোকান রয়েছে। ভোট দেয়ার জন্য তিনি বাড়ি এসেছিলেন বলে জানা গেছে।
চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার পর কেন্দ্র থেকে বেশ কিছু দূরে নুরুল আমিন নামে একজন লোককে কে বা কারা গুলি করে হত্যা করেছে। বিয়ষটি আমরা খতিয়ে দেখছি।
কালকিনি পৌরসভার দুটি কেন্দ্রে অগ্রিম সিল মারার কারণে নৌকা প্রতীকের ১১’শ ৩ টি ব্যালট জব্দ করা হয়েছে। একইসঙ্গে ওই ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
এদিকে সকাল সাড়ে ৯টায় বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলটির যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভি বিভিন্ন পৌরসভায় রাতেই নৌকা প্রতিকে সিল দেয়া এবং বেশ কয়েকটি কেন্দ্র থেকে বিএনপি এজেন্টদের বের করে দেয়া অভিযোগ করেন।এছাড় অনেক কেন্দ্রে বিএনপির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেয়া হয়েছে।
এছাড়া টাঙ্গাইলের ভূঞাপুর, সোনারগাঁও, ফেনী সদর, দাগনভূঞা, সিরাজগঞ্জের শাহজাদপুর, লক্ষ্মীপুরের রায়পুর, কুমিল্লার বড়ুয়া, লাকসাম, চাঁদপুরের মতলব, হাজিগঞ্জ, মানিকগঞ্জ, সুনামগঞ্জ সদরসহ বেশ কয়েকটি পৌরসভায় সংঘর্ষ, কেন্দ্র দখল ও জালভোটের ঘটনা ঘটেছে।
এবারই প্রথম দলীয় প্রতীকে পৌরসভার মেয়র পদে নির্বাচন হচ্ছে। এ সুযোগে দীর্ঘ ৭ বছর পর নৌকা ও ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা।


