সারা দেশে বিভিন্ন কেন্দ্র থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীদের ভোট ডাকাতি, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ও অনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে বুধবার দুপুর পর্যন্ত ১৭ মেয়র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
সাভারের ধামরাই, সিরাজগঞ্জের শাহজাদপুর, লক্ষীপুর রায়পুর, টাঙ্গাইলের মধুপুর, চট্টগ্রামের সন্দিপ, রাঙ্গুনিয়া, রাউজান, রাজবাড়ীর পাংশায়, জামালপুর, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বরগুনা সদর, গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেয়র প্রার্থীরা ভোটবর্জন করেছেন বলে জানা গেছে।
এদিকে এমনও ঘটনার খবর রয়েছে যে, স্বতন্ত্র প্রার্থীরা নিজের ভোটটি পর্যন্ত দিতে পারেননি। সরকার সমর্থক প্রার্থীরা জালিয়াতি করে ভোট দিচ্ছ্নে।
নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া প্রার্থীরা হলেন- সাভার ধামরাই পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুস ছাত্তার, জামালপুর পৌরসভার জাতীয় পার্টির মেয়র প্রার্থী খন্দকার হাফিজুর রহমান বাদশা, নড়াইল পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী এস এম ওয়াহিদুজ্জামান মিলু, রায়পুরে বিএনপির মেয়র প্রার্থী এবিএম জিলানী, রাজবাড়ীর পাংশায় বিএনপির মেয়র প্রার্থী চাঁদ আলি খান, টাঙ্গাইলের মধুপুরে বিএনপি মনোনীত প্রার্থী সরকার শহীদুল ইসলাম শহীদ, বরগুনা সদর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী মো. মন্তাজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বাবুল ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহেল ভূঁইয়া, চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভা নির্বাচনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ বাহাদুর, রাঙুনিয়ার বিএনপি প্রার্থী মো. হেলাল উদ্দিন খান ও রাউজানে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ আল হাসান, সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুর রহীম, গাইবান্ধার গোবিন্দগঞ্জের জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী আখতার হোসেন জুয়েল, মুন্সিগঞ্জের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ভোটবর্জন করেছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
জামালপুর: জামালপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী খন্দকার হাফিজুর রহমান বাদশা।
বুধবার সকালে জামালপুর জেলা স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ ঘোষণা দন।
তিনি সাংবাদিকদের বলেন, জেলা স্কুল কেন্দ্রে আমি নিজের ভোটটিই দিতে পারিনি। আরও অনেক কেন্দ্রে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা কেন্দ্রে কেন্দ্রে ঢুকে ব্যালটে সিল মারছে। সুষ্ঠু ভোট হচ্ছে না দাবি করে ভোট বর্জনের ঘোষণা দেন হাফিজুর রহমান বাদশা। তবে এখনও নির্বাচনে রয়েছেন বিএনপি, আওয়ামী লীগসহ স্বতন্ত্র প্রার্থীরা।
সাভার: ধামরাই পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুস ছাত্তার নির্বাচন বর্জন করেছেন।
বুধবার প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী গোলাম কবীর হোসেন মোল্লার বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ এনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
নড়াইল: ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নড়াইল পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী এস এম ওয়াহিদুজ্জামান মিলু। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি এ ঘোষণা দেন।
এর আগে কালিয়া পৌরসভার দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন। এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার বিভিন্ন বলেন, ব্যাপক কারচুরির অভিযোগে এ দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। পৌর নির্বাচন শুরুর আগে ও পরে বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী এবিএম জিলানী ভোট বর্জন করেছেন।
সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এবিএম জিলানী। সমর্থকদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা প্রদান এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে তিনি ভোট বর্জন করেন।
মধুপুর (টাঙ্গাইল): কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মধুপুর পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী সরকার শহীদুল ইসলাম শহীদ।
সকাল সাড়ে ১১টার দিকে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মিদের উদ্দেশ্যে উপজেলার বিএনপি কার্যালয়ে সামনে তিনি এ ঘোষণা দেন। ধানের শীষের এই প্রার্থী অভিযোগ করেন, পৌরসভার ১৭টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। কেন্দ্রেগুলোতে তার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যারা ভিতরে ছিলেন তাদের বের করে দেয়া হচ্ছে। তিনি এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন ঘোষণা দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম। তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্ট রয়েছে। আপনারাও ঘুরে দেখতে পারেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস যুগান্তরকে বলেন, যথেষ্ট নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছি। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে কঠোর নজরদারিতে রয়েছেন।
বিএনপি প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহারের কোনো খবর তার কাছে এখনও আসেনি বলে জানান তিনি। মধুপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ৩৭ হাজার ৯৫ জন।
চট্টগ্রাম: ভোটকেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার প্রতিবাদে ভোট বর্জন করেছেন সন্দ্বীপ পৌরসভা নির্বাচনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ বাহাদুর ও রাঙুনিয়ার বিএনপি প্রার্থী মো. হেলাল উদ্দিন খান। এসময় নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত করার দাবিও জানান তারা। বুধবার সকাল পৌনে ১১টার দিকে সন্দ্বীপ প্রার্থী আজমত উল্লাহ বাহাদুর টেলিফোনে বলেন, বহিরাগত সন্ত্রাসী দিয়ে ভোটকেন্দ্র দখল করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তারা কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। জাল ভোট দিচ্ছে। এভাবে নির্বাচন হতে পারেনা। তাই আমি এ নির্বাচন বর্জন করেছি। তিনি বলেন, নির্বাচন বাতিল করে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানাচ্ছি। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির প্রতিবাদে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপি প্রার্থী আজমত উল্লাহ বাহাদুর। একই অভিযোগ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন রাঙুনিয়ার বিএনপি প্রার্থী মো. হেলাল উদ্দিন খান রাউজানে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ আল হাসান।
বরগুনা: প্রশাসনের বিরুদ্ধে বিরূপ আচরণের অভিযোগ এনে বরগুনা সদর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ নির্বাচন বর্জন করেছেন।
বুধবার সকাল ৮টায় বরগুনা সদর পৌরসভায় ভোটগ্রহণ শুরু হওয়ার এক ঘণ্টার মাথায় পৌরসভার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের। এরপর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মঞ্জুরুল আলম।
পরে বেলা ১২টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ প্রশাসনের বিরুদ্ধে বিরূপ আচরণ এবং বিদ্রোহী প্রার্থীর টাকা দিয়ে ভোট কিনে নেয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি ও কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ অনিয়মের অভিযোগে ৩ মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। তারা হলেন- বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী মো. মন্তাজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বাবুল ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহেল ভূঁইয়া।
বেলা সাড়ে ১১টায় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান বাবুল আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। অন্যদিকে দুপুর ১২টার দিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী মো. মন্তাজ মিয়া নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহেল ভূঁইয়া দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন।
পাংশা (রাজবাড়ী): রাজবাড়ীর পাংশা পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী চাঁদ আলি খান নির্বাচন বর্জন করেছেন।
বুধবার বেলা ১১টায় তিনি এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন। প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল করিম রিংকু বলেন, নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও ভোটগ্রহণে ব্যাপক কারচুপির অভিযোগ এনে চাঁদ আলি খান নির্বাচন বর্জন করেছেন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্বাচনে কারচুপির অভিযোগে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুর রহীম ভোট বর্জন করেছেন। নির্বাাচনে নৌকা প্রতিকের পক্ষে কারচুপির অভিযোগে তিনি ভোট বর্জন করেন ।
মুন্সিগঞ্জ: কেন্দ্র দখল, ভোট কারচুপি, ব্যালট ছিনতাই, সরকার দলীয় সমর্থদের অস্ত্রের মোহড়া, ভোট কেন্দ্রে ভোটারদের আসতে বাধা প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন মুন্সিগঞ্জের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী আখতার হোসেন জুয়েল। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি উপজেলা রিটার্নিং অফিসার শাহীনুর ইসলাম প্রামাণিকের কাছে ভোট বর্জনের লিখিত পত্র জমা দেন।
আখতার হোসেন জুয়েল বলেন, ভোটারদের হাতে কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলরদের ব্যালট পেপার দেওয়া হলেও মেয়রের ব্যালট পেপারে তারা নিজেরাই সিল মেরে নিচ্ছেন। এ ব্যাপারে একাধিকবার নির্বাচন কর্মকর্তাদের জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তারা। জুয়েল এসব অনিয়মের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।


