রাজধানীর আগারগাঁওয়ে ২১তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্রবার বিকেলে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ছাড়াও দেশি বিদেশি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুর্কি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতসহ ২১টি দেশ অংশ নিচ্ছে এ মেলায়। এ বছর নতুন সাতটি দেশ মরিসাস, ঘানা, নেপাল, হংকং, জাপান, মরক্কো ও ভুটান এ মেলায় অংশ নিচ্ছে।
মেলায় পূর্ণবয়স্কদের প্রবেশ ফি ৩০ টাকা, আর শিশুদের জন্য ২০ টাকা। মেলায় রয়েছে ১১১টি প্যাভিলিয়ন, ৫৭টি মিনি প্যাভিলিয়ন, ৮০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন ও ২৭৬টি স্টল।
মেলায় যন্ত্রপাতি, কার্পেট, প্রসাধনী ও সৌন্দর্য সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রিক, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ওয়াব, খেলনা, স্টেশনারি, ঘড়ি, গহনা, সিরামিক সামগ্রী, স্থানীয় পোশাক সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য, ফার্স্ট ফুড, আসবাবপত্র ও হস্তশিল্প ইত্যাদি সামগ্রী প্রদর্শন করা হচ্ছে।


