বয়সের হিসাবে অর্ধশতকের কোটা পার করে ফেলেছেন। ক্যারিয়ারের বয়সও তিন দশকের দোরগোড়ায়। শাহরুখ খানের মনে অবসর–ভাবনা উঁকি দিতে শুরু করেছে এবার। অবসরের ব্যাপারে একটা সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন বলিউডের ‘বাদশা’। রাজ্যপাট তো ছেড়ে দিতে হবে, এটাই অমোঘ নিয়তি। তবে কি নতুন বছরে এটাই শাহরুখের পরিকল্পনা!
না, ঘাবড়াবেন না। শাহরুখ অবসর নেবেন, এর মানে এমন নয় সেটি এখনই ঘটছে। অবশ্য ঘটতেও পারে। শর্ত একটা আছে, যদি এই বছরেই জাতীয় পুরস্কারটা পেয়ে যান!
বললে হয়তো বিশ্বাস করবেন না, চোখ কচলে কয়েকবার তাকাতেও পারেন। কিন্তু সত্যিটা হলো, শাহরুখ এ পর্যন্ত ২১১টি পুরস্কার পেয়েছেন! এর মধ্যে ভারতের অস্কার হিসেবে পরিচিত ফিল্মফেয়ার জিতেছেন ১৪ বার! এর মধ্যে সেরা অভিনেতা হিসেবে কৃষ্ণমূর্তিটি পেয়েছেন আটবার, যে রেকর্ড আছে কেবল দিলীপ কুমারের। কিন্তু এর চেয়েও অবিশ্বাস্য তথ্য হলো, শাহরুখ এখন পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার একবারও জেতেননি!
আগামী এপ্রিলে মুক্তি পাচ্ছে তাঁর ভিন্ন ধাঁচের ছবি ফ্যান। ছবিতে ২৪ বছর বয়সীর চরিত্রে নাকি দুর্দান্ত অভিনয় করেছেন। এবার যদি শাহরুখের শিকে ছিঁড়ে! শাহরুখও বলছেন, ‘আমি কেবল জাতীয় পুরস্কারের জন্য অপেক্ষা করছি। ওটা পেলেই অবসরে চলে যাব।’
শাহরুখের ভক্তরা এবার দোটানায় পড়ে যাবেন। সবাই চাইবেন শাহরুখ যেন পুরস্কারটা পান; আবার চাইবেন, যেন সেটি আগামী ১০ বছরেও না হয়! হিন্দুস্তান টাইমস।


