বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মন্ত্রীর হোটেলে ছাত্রলীগ নেতাদের ভাংচুর: ২ নেতা শনাক্ত

sayman_zpsauzg7dzmকক্সবাজারে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের একটি হোটেলে থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠানে ভাংচুরের ঘটনায় ছাত্রলীগের দুই নেতা শনাক্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের আটক করা যায়নি।

এরা হলেন কক্সবাজার শহর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল হক ইফাত (২২) এবং ছাত্রলীগ নেতা মো. ফয়সাল (২৮)।

ইফাত শহরের নতুন বাহারছড়ার বাসিন্দা জেলা যুবলীগের সহসভাপতি শহীদুল হক সোহেলের ছেলে এবং ফয়সল টেকপাড়ার আব্দুল করিম ওরফে ওসি করিমের ছেলে।

সদর থানার ওসি বখতেয়ার উদ্দিন চৌধুরী বলেন, গত শুক্রবার রাতে ‘হোটেল সায়মন বীচে’ থার্টি ফার্স্টের অনুষ্ঠানে একদল যুবক ‘উচ্ছৃঙ্খলতা’ করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেয়। ওই সময় যুবকরা সেখানে ভাংচুর করার পাশাপাশি হোটেলের নারীকর্মীসহ কয়েকজনকে লাঞ্ছিত করে।”

ওই ঘটনায় শনিবার সকালে অজ্ঞাত পরিচয় ৩০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেছে হোটেল কর্তৃপক্ষ। তবে বাদীর নাম প্রকাশ করেননি ওসি।

ওসি বখতেয়ার আরও বলেন, হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইফাত ও ফয়সালকে শনাক্ত করা হলেও তাদের আটক করা যায়নি।

শহর ছাত্রলীগের সভাপতি মোর্শেদ হোসেন সানি বলেন, ইফাতকে সম্প্রতি শহর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ফয়সল জেলা কিংবা শহর কমিটিতে না থাকলেও ছাত্রলীগের গত কেন্দ্রীয় সম্মেলনে তিনি জেলা থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন