রূপালি পর্দায় দীর্ঘদিন উপস্থিতি নেই বলিউড তারকা প্রীতি জিনতার। অভিনয় করছেন না কোনো ছবিতে। তবে আলোচনার বাইরেও ছিলেন না প্রীতি। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে নিজের মালিকানাধীন দল কিংস এলিভেন পাঞ্জাব নিয়ে সরব ছিলেন ভারতীয় ও বিশ্ব গণমাধ্যমে। এর মাধ্যমে কিছুদিন পরপরই সংবাদের শিরোনাম হয়েছেন প্রীতি।
তবে এবার নতুন খবর আসছে তার। দীর্ঘদিন পর সিলভার স্ক্রীনে উপস্থিতি লক্ষ্য করা যাবে বলিউডে এ সুইটহার্টের। জানা গেছে বেশ কিছুদিন ধরে কয়েকটি চিত্রনাট্য নিয়ে আলোচনায় বসেছেন প্রীতি। সে সঙ্গে একাধিক প্রযোজকের সঙ্গেও কথা হয়েছে তার। অভিনয়ে নিয়মিত হচ্ছেন এ বলিউড তারকা। লম্বা সময় পর প্রীতির কামব্যাক নিয়ে বলিউডে চলছে নানান আলোচনা।
এতদিন অনেকেরই প্রশ্ন কেন রূপালি পর্দায় ফিরবেন প্রীতি? এখন সেটার অবসান ঘটতে যাচ্ছে। আলোচনার পাশাপাশি চলছে নানান কটু কথাও। এতদিনে বলিউডে নতুন অনেকে এসে জায়গা করে নিয়েছেন। প্রীতির আগের জায়গাটি এখন নেই বলেও মনে করছেন সমালোচকরা। তাই ফিরে এসে খুব একটা সুফল পাবেন না বলেই মনে করছেন তারা।


