মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও শহীদের সংখ্যা নিয়ে বক্তব্য দেওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কেও আসামি করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলাটি করেন আওয়ামী লীগ-সমর্থিত সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। সকালে তিনি মহানগর হাকিম আমিনুল হকের আদালতে মামলা নেওয়ার জন্য আবেদন করেন। পরে দুপুর সোয়া ১২টার দিকে বাদী ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা অনুযায়ী আদালতে জবানবন্দি দেন।
জবানবন্দি শেষে বিচারক তখনই কোনো আদেশ না দিয়ে পরে এ-সংক্রান্ত আদেশ দেবেন বলে জানান।
মামলার আরজিতে বলা হয়, গত বছরের ২১ ডিসেম্বর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় খালেদা জিয়া বলেছিলেন, ‘তিনি তো (বঙ্গবন্ধু) বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন।’ সেদিন আরো বলা হয়, ‘এত শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’
খালেদা জিয়ার ওই বক্তব্য পরদিন বিভিন্ন জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়।
এতে সংক্ষুব্ধ হয়ে বাদী ওই বক্তব্যের প্রতিবাদে আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি করেছেন।


