বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে চীনা নাগরিকদের ওপর হামলা: গ্রেপ্তার ২

narayanganj--নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চীনের পাঁচজন নাগরিকের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে হামলার পর পর একজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, আজ মঙ্গলবার সকালে আড়াইহাজারের বাঘবাড়ি এলাকা থেকে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে মাঈন উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, চীনের পাঁচজন নাগরিকের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে সোমবার রাতে মামলা করে। এতে বাঘবাড়ি এলাকার মাঈন উদ্দিন ও তাঁদের প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী রফিকুল ইসলামসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। গত সোমবার হামলার পর পরই রফিকুলকে আটক করা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির সাবেক নেতা প্রয়াত রোকনউদ্দিন মোল্লার ছেলেদের কাছ থেকে চীনের কয়েকজন ব্যবসায়ী কয়েকটি গুদাম ভাড়া নেন। সেখানে তাঁরা পাওয়ার লুম কারখানার বিভিন্ন যন্ত্রপাতির ব্যবসা করতেন। সোমবার রাত আটটার দিকে গুদামের ফটক খোলা নিয়ে নিরাপত্তাকর্মী রফিকুলের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে কিছুক্ষণ পর রোকনউদ্দিন মোল্লার ছেলে মাঈন উদ্দিনসহ ১০ থেকে ১২ জন লোক হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে চীনের পাঁচ নাগরিককে আহত করেন।

আহতরা হলেন ওয়াংহুই (২৫), লিজিমিং (২৫), লি বাও ডং (৪৫), ছং ইয়া ফেং (৩৬) ও ইয়াং উই ক্যাং (২৭)। এদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন