বুধবার ৪ নভেম্বর ২০২৬

কর্মবিরতিতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা

1452089707_994অষ্টম জাতীয় বেতন স্কেলে বাংলাদেশ ব্যাংকের মর্যাদা ও এর কর্মকর্তাদের ধাপ অবনমনের প্রতিবাদে সপ্তাহব্যাপী ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা।

সকাল ১০টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা। এ কর্মবিরতি চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে দাবি আদায় না হলে ১৫ জানুয়ারি থেকে গণছুটি, পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। এতে ন্যাশনাল পেমেন্ট সুইচ, অটোমেটিক ক্লিয়ারিং হাউজের কার্যক্রম বন্ধ হয়ে যাবে, যাতে অচল হয়ে পড়বে সবধরনের ব্যাংকিং লেনদেন।
এর আগে গতকাল বুধবার এক সাধারণ সভায় এ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা কর্মবিরতিতে গেলে ন্যাশনাল পেমেন্ট সুইচ, অটোমেটিক ক্লিয়ারিং হাউজের কার্যক্রমে অচলাবস্থা তৈরি হবে। এর প্রভাব পড়বে সব ধরনের ব্যাংকিং লেনদেনে।

কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, এ কর্মসূচিকে আমরা বলছি গেট গেদারিং ও অবস্থান কর্মসূচি। এ সময়ে সবাই কাজের বাইরে থাকবে। ফলে কার্যক্রমে স্থবিরতা নেমে আসবে। ১৪ জানুয়ারির মধ্যে দাবি আদায় না হলে পরদিন থেকে গণছুটি, পূর্ণ কর্মবিরতিসহ নানা কর্মসূচি দেয়া হবে।

জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গেজেটে বাংলাদেশ ব্যাংককে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ/কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদায় পৃথকভাবে উল্লেখকরণ, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সর্বোচ্চ পদ ‘নির্বাহী পরিচালক’ পদকে জাতীয় বেতন স্কেল-এ প্রথম গ্রেডে উন্নীতকরণ এবং অন্য পদগুলোর বেতন গ্রেড ক্যাডার সার্ভিসের পদবিন্যাস অনুযায়ী নির্ধারণের দাবিতে আন্দোলন করছেন কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকে যোগদানকারী সহকারী পরিচালক হিসেবে প্রবেশ পদ জাতীয় বেতন স্কেলে নবম গ্রেডের পরিবর্তে ক্যাডার সার্ভিস ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো অষ্টম গ্রেডে নির্ধারণের দাবিও জানিয়ে আসছেন তারা। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।

আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল গতকাল শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে মুলতবি সাধারণ সভা করে। পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হয় এদিন। এর মধ্যে আছে আজ সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত, ১০ ও ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে  বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং ১২ থেকে ১৪ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গেট গেদারিং ও অবস্থান কর্মসূচি। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী প্রমুখ।

আরও পড়ুন