বুধবার ৪ নভেম্বর ২০২৬

কোরআন ছুঁয়ে শপথ নিউজার্সির কাউন্সিলম্যাপন নূরন্নবীর

পবিত্র কোরআন স্পর্শ করে শপথ নিলেন ড. নূরন্নবী। যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্লেইন্সবরো টাউনশীপের কাউন্সিলম্যান হিসেবে এটি ড. নবীর চতুর্থ টার্ম। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি ৩ বছর মেয়াদি কাউন্সিলম্যান পদে আবারো নির্বাচিত হন।

গত ৪ জানুয়ারি সোমবার রাতে তার এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন টাউনশিপের কার্ক ক্যারল টরেস। তার পাশে পবিত্র কোরআন ধরেছিলেন তার স্ত্রী বিজ্ঞানী ড. জিনাত নবী। এ সময় সেখানে ছিলেন প্লেইন্সবরোর মেয়র পিটার এ সেন্টো, ইস্ট উইন্ডসোরের মেয়র জেনিস এস মিরোনভ, অঙ্গরাজ্য সিনেটর লিন্ডা গ্রিনস্টাইন, ডেনিয়েল আর বেনসন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা।

মুক্তিযোদ্ধা, লেখক এবং বিজ্ঞানী ড. নূরন্নবী এই সিটির ২৫ সহস্রাধিক অধিবাসীর সাথে গভীর সম্পর্ক রচনা করেছেন। এ সিটিতে বাংলাদেশি পরিবার রয়েছেন মাত্র ৬টি। অন্য সকলেই শ্বেতাঙ্গ আমেরিকান। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং ইউএস কমিটি ফর সেক্যুলার এন্ড ডেমক্র্যাটিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ড. নবী ২০০৭ সাল থেকেই এই সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ডেমক্র্যাটিক পার্টির নেতৃবৃন্দের সাথেও তার রয়েছে গভীর সম্পর্ক।

কাউন্সিলম্যান ড. নূরন্নবী এনআরবি নিউজকে বলেন, আমি সর্বাত্মক চেষ্টায় রয়েছি প্রবাসীদেরকে মূলধারায় আরো বেশি সম্পৃক্ত করার জন্যে। তাহলেই মাতৃভূমি বাংলাদেশের কল্যাণে মার্কিন প্রশাসনকে আরো বেশি ব্যবহার করা সম্ভব হবে।

আরও পড়ুন