আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ বছরের মধ্যেই বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি বলেন, “বাংলাদেশে যুদ্ধাপরাধীদের কোনো সংগঠন থাকতে পারে না। আইনি প্রক্রিয়ার মাধ্যেমে ২০১৬ সালের মধ্যেই এ দেশ থেকে জামায়াতের রাজনীতিকে নিষিদ্ধ করা হবে।”
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় আপিলেও বহাল তার দল জামায়াতে ইসলামী সারা দেশে যে হরতাল ডেকেছে, তার বিরোধিতায় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।
নিজামীর রায় কার্যকর করা এখন কেবল ‘সময়ের ব্যাপার’ মন্তব্য করে আাওয়ামী লীগ নেতা কামরুল বলেন, “নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একে একে সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করা হচ্ছে। এর ধারাবাহিতায় নিজামীর বিচার সম্পন্ন হয়েছে। এই বিচার কর্যকর করা এখন সময়ের ব্যপার মাত্র।”


