বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের শীর্ষস্থানীয় তাবলিগ মুরব্বি মাওলানা সা’দ। গত বছরও প্রথম পর্বে তিনিই মোনাজাত পরিচালনা করেছেন। মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করছেন তিনি।
মোনাজাতে অংশ নিতে ভোর থেকে লাখো মুসল্লি টঙ্গীর ইজতেমা ময়দানে এসে সমবেত হয়েছেন। বেলা সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে তখনো তুরাগ তীরগামী মুসল্লিদের ঢল আসতে দেখা গেছে। ফজরের নামাজের পরই টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। ইজতেমা স্থল ও চারপাশের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচলে আগেই বিধি নিষেধ আরোপ করা হয়।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ জানিয়েছেন, মুসল্লিদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে নিয়োজিত আছেন। তারা মুসল্লিদের ঘরে ফেরা পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
আগামী ১৫ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।


