বুধবার ৪ নভেম্বর ২০২৬

চাঁদাবাজি মামলায় নুর হোসেনের আপোস

nur hossein-নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার ভাতিজা শাহজালাল বাদলের বিরুদ্ধে দায়ের করা অটোরিকশা চালকের একটি চাঁদাবাজি মামলা আপোস হয়েছে।

সোমবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে শুনানির সময় আসামি পক্ষের আইনজীবী এ কথা জানান। এ মামলায় শাহাজালাল বাদল ও নূরের পক্ষে আইনজীবী ছিলেন খোকন শাহা। তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

খোকন সাহা জানান, আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৪ সালের ১২ জুন সাইদুল ইসলাম নামে এক অটোরিকশা চালক নূর হোসেন ও তার ভাতিজা শাহজালাল বাদলসহ ৮ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন। এ মামলায় বাদী-বিবাদীর আপোস মিমাংসা হয়েছে। বাদীর জিম্মায় বাদল জামিন পেয়েছেন। আদালতে বাদলের জামিন স্থায়ীকরণের জন্য আবেদন করা হলে আদালত আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন বর্ধিত করেছেন।

কোর্ট পুলিশের এসআই গোলাম হোসেন এর সত্যতা স্বীকার করে বলেন, আগামী ধার্য তারিখ পরে জানানো হবে। এ ছাড়া সাত খুনের দুটি মামলাসহ আরো ৯টি মামলার শুনানি জেলা ও দায়রা জজ আদালতে চলছে।

আরও পড়ুন