সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে সাভারে বিএনপির এক নেতাকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে সাভার পৌর এলাকার উত্তরপাড়া থেকে তাঁকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
আটক নাঈম আল নোমান সাভার পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সভাপতি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানিয়েছেন, আটক বিএনপি নেতা নাঈম আল নোমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ছবি নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানালে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাভারের আমিনবাজার থেকে হজরত আলী নামের এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। আটক হজরত আলী আমিনবাজারে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
ওসি এস এম কামরুজ্জামান জানান, আমিনবাজারের চাঁনপুর এলাকায় বিভিন্ন বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার নামে বিএনপি নেতা হজরত আলী কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করলে সাভার মডেল থানা পুলিশ তদন্ত করে সকালে তাঁকে চাঁনপুর থেকে আটক করে।
ওসি বলেন, বিএনপির আটক দুই নেতার নামে থানায় মামলা করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


