শিশু অপহরণের ঘটনার মামলার আসামি ‘অদম্য বাংলাদেশ’ নামের একটি বেসরকারি সংগঠনের চারজন সদস্যকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেহ উদ্দিন আহমেদ এ আদেশ দেন।
এর আগে রামপুরা থানায় করা এ মামলায় এই চারজন সদস্যকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে গত ১৯ অক্টোবর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এই চারজন হলেন আরিফুর রহমান, হাসিবুল হাসান, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম খান।
গত বছরের ১২ সেপ্টেম্বর রামপুরার বনশ্রী এলাকার সি-ব্লকের ১০ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ির ষষ্ঠ তলা থেকে ১০ শিশুসহ এই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে থাকা শিশু মোবারক হোসেনের চাচার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
অদম্য বাংলাদেশের সদস্য আরিফুর রহমান জানিয়েছিলেন, তাঁরা অদম্য বাংলাদেশ নামে একটি এনজিও চালান। এই এনজিওর অধীনেই তাঁরা পথশিশুদের এখানে রেখে পড়াশোনা করান, কম্পিউটার পরিচালনা শেখান, যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ হতে পারে। উদ্ধার হওয়া ১০ শিশুর মধ্যে নয় শিশুই পথশিশু। যার চাচার অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল, সেই শিশু মোবারক বাসা থেকে রাগ করে চলে আসে। অদম্য বাংলাদেশ শিশুটিকে সেখানে আশ্রয় দেয়।


