বুধবার ৪ নভেম্বর ২০২৬

গ্রিসের বিরুদ্ধে বাংলাদেশি শ্রমিকদের মামলা

greece_bd_185849২০১৩ সালে গ্রিসে স্ট্রবেরি খামারে বকেয়া বেতন চাইতে গিয়ে গুলিবিদ্ধ বাংলাদেশি শ্রমিকরা গ্রিস সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। গুলিবিদ্ধ শ্রমিকদের ৩০ জন মিলে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে এ মামলা করেন।

এ মাসের ২০ তারিখের পর মামলার শুনানির তারিখ ধার্যের কথা রয়েছে। খবর বিবিসি বাংলার

গ্রিসের বাংলাদেশ সমিতির সভাপতি জয়নাল আবেদিন জানান, ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটসের একটি অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে প্রথমবারের মতো গ্রিসের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই অনুচ্ছেদে দাসত্ব ও জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করা হয়েছে।

২০১৩ সালের এপ্রিলে গ্রিসের পেলোপন্নেসিয়ান গ্রামের এক স্ট্রবেরি খামারে শ্রমিকরা তাদের ছয় মাসের বকেয়া বেতনের দাবি জানাতে গেলে সেখানকার একজন সুপারভাইজার তাদের ওপর গুলি চালায়। ওই ঘটনায় ৩২ জন বাংলাদেশি শ্রমিক আহত হন।

এরপর খামার মালিক ও সংশ্লিষ্ট সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়। কিন্তু পরবর্তীতে ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রিসের আদালত খামার মালিক ও সুপারভাইজারকে নির্দোষ বলে রায় দেয়।

এছাড়া গ্রিসের ওই আদালত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ বা কোনো ক্ষতিপূরণও দেয়নি বলেও জয়নাল আবেদিন জানান। সে কারণেই এখন মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষতিপূরণের আশায় গুলিবিদ্ধ হওয়া শ্রমিকরা এ মামলা দায়ের করেছেন।

তবে দেশটির সরকার ওই শ্রমিকদের প্রতিবছর নবায়নের শর্তে সে দেশে কাজের অনুমতি দিয়েছে বলে জানান গ্রিসের বাংলাদেশ সমিতির সভাপতি। তিনি আরও জানান, ওই ঘটনার পর সেখানকার অভিবাসী শ্রমিকদের বেতন পরিশোধে ব্যাপারে সচেতন হয়েছেন অর্থনৈতিক মন্দা ও শরণার্থী সমস্যায় ভোগা গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা।

আরও পড়ুন